মেডিকো-লিগ্যাল সিরিজ (পর্ব-২): চিকিৎসায় অবহেলার ধারণা ও প্রতিকার।
মুখবন্ধ
‘চিকিৎসায় অবহেলা, রোগীর মৃত্যু’ এমন সংবাদ গণমাধ্যমে প্রায়ই লক্ষ্য করা যায়। চিকিৎসা সেবায় ডাক্তার কর্তৃক অবহেলার ঘটনা প্রকাশিত হয় এসব সংবাদে। জীবিত ব্যক্তিকে মৃত ঘোষণা, ময়নাতদন্তের ভুল রিপোর্ট প্রদান, আক্রান্ত অঙ্গের পরিবর্তে সুস্থ অঙ্গে অপারেশন, অপারেশনের পরে রোগীর দেহাভ্যন্তরে অপারেশনের যন্ত্রপাতি রেখে সেলাই করার মত বড় ধরনের অবহেলার ঘটনাও ঘটে। অপরদিকে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজন বা নিকটাত্নীয়রা হাসপাতাল/চিকিৎসা কেন্দ্রে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করে হাসপাতাল ভাংচুর, চিকিৎসকের উপর হামলা চালায়। এমনকি খুলনায় রোগীর স্বজনদের হামলায় চিকিৎসকের মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। কোন কোন ঘটনায় ডাক্তারদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের, তাদেরকে গ্রেফতার ও পুলিশ রিমান্ডে নির্যাতনের অভিযোগও উঠেছে।
এ ধরণের ঘটনা ডাক্তার ও রোগীর মধ্যকার সম্পর্কে অবিশ্বাস, আস্থাহীনতা ও ভীতির সঞ্চার করছে। একদিকে চিকিৎসকগণ যেমন নিজের কর্মস্থলে নিজেকে নিরাপদ ভাবতে পারছেন না, অপরদিকে রোগী বা রোগীর স্বজনরা চিকিৎসকদের উপর বিশ্বাস হারাচ্ছেন। ফলশ্রুতিতে স্বাস্থ্যসেবা প্রক্রিয়ার স্বাভাবিক কার্যক্রম অনেকক্ষেত্রেই ব্যাহত হচ্ছে। চিকিৎসকদের অবহেলা বা ভুলের কারণে রোগীর ক্ষতির বিষয়টিকে Medical Negligence হিসেবে অভিহিত করা হয়। চিকিৎসায় অবহেলায় ক্ষতিগ্রস্ত রোগীর প্রতিকারের (Remedy) ধারণা বিভিন্ন দেশে বিভিন্ন পদ্ধতিতে উন্নতি লাভ করেছে। আজকের পর্বে যুক্তরাজ্য ও ভারতের চিকিৎসায় অবহেলার আইনি প্রতিকারের সম্যক চিত্র তুলে ধরা হলো। পরবর্তী পর্বে বাংলাদেশে চিকিৎসায় অবেহেলার ধারণা ও প্রতিকার নিয়ে আলোকপাত করা হবে।